আজ থাইল্যান্ডে সংসদ নির্বাচন, হবে গণভোটও

থাইল্যান্ডে আজ রোববার, ৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে দেশটির সংবিধান সংশোধন সংক্রান্ত একটি গণভোটেও ভোট দিচ্ছেন নাগরিকরা। সকাল থেকেই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০২৩ সালে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন হয়। সে সময় নির্বাচিত সংসদ সদস্যদের চার বছরের মেয়াদ থাকার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সংসদ ভেঙে নতুন নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরের মে মাসে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছে। ওই সময় সীমান্ত এলাকায় সংঘর্ষে এক থাই সেনা নিহত হন। এই ঘটনার পর দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে।
পরের মাস জুনে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ হিসেবে তৎকালীন থাই প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার সরকারপ্রধান হুন সেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপে তিনি হুন সেনকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন এবং নিজ দেশের সেনাবাহিনী নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। পরে ওই ফোনালাপটি ফাঁস হয়ে গেলে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার বিরুদ্ধে জনঅসন্তোষ বাড়তে থাকে।
এরই ধারাবাহিকতায় তার দল ফিউ থাই পার্টির প্রধান জোটসঙ্গী ভুমজাইথাই পার্টি জোট ত্যাগের ঘোষণা দেয়। এতে সরকার দুর্বল হয়ে পড়ে এবং অল্প ব্যবধানে ক্ষমতায় টিকে থাকে।
পরিস্থিতি আরও ঘোলাটে হয় আগস্ট মাসে। সে সময় থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রায় দিয়ে প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রাকে নৈতিকতা লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করে।
এরপর সেপ্টেম্বর মাসে সংসদের দ্বিতীয় বৃহত্তম দল ভুমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল ‘পোগ্রেসিভ পিপলস পার্টি’র সঙ্গে জোট গঠন করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তবে জোট চুক্তির অংশ হিসেবে তাকে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করা হয়।
চুক্তি অনুযায়ী গত ডিসেম্বর মাসে সংসদ ভেঙে দেওয়া হলে দেশে নতুন সাধারণ নির্বাচনের পথ খুলে যায়। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন ও গণভোট।



