আজ থেকে শুরু হজ ভিসা কার্যক্রম

২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) উপলক্ষে আজ রোববার, ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন এবং পুরো প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যেই আগাম ভিসা কার্যক্রম চালু করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র মক্কা ও মদিনায় প্রয়োজনীয় সব সেবা ও সংশ্লিষ্ট চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার আবাসন সংক্রান্ত চুক্তিগুলোও চূড়ান্ত করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে প্রায় ৩০ হাজার হজযাত্রী নিজ নিজ দেশ থেকেই সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন।
আন্তর্জাতিক হাজিদের জন্য পবিত্র স্থানগুলোতে মোট ৪৮৫টি ক্যাম্প নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এদিকে বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজে অংশ নিতে নিবন্ধন করা সরকারি ও বেসরকারি সব হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। নির্ধারিত টিকাকেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ফিটনেস সনদসহ হজ ভিসার আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে।



